করোনা চিকিৎসায় প্রোটিন ট্রিটমেন্টের সাফল্য দাবি

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৬:৪৫ এএম

করোনাভাইরাসের চিকিৎসায় নিজেদের আবিষ্কৃত পদ্ধতিটি কার্যকরী ভূমিকা রাখছে বলে দাবি করেছে ব্রিটিশ বায়োটেক কোম্পানি সিনাইরগেন। তাদের দাবি, মানবদেহে তাদের প্রোটিন ট্রিটমেন্টের পরীক্ষামূলক প্রয়োগের প্রাথমিক ফলে দেখা গেছে কভিড-১৯ আক্রান্ত রোগীদের জটিলতা অনেক কমেছে। আক্রান্তদের সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়েছে দুই থেকে তিন গুণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভাইরাল সংক্রমণের শিকার হলে তার বিরুদ্ধে মানবদেহে ‘ইন্টারফেরন বেটা’ নামের এক ধরনের প্রোটিন তৈরি হয়। সিনাইরগেনের বিজ্ঞানীরা সম্প্রতি করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় ওই প্রোটিন ব্যবহারের পদ্ধতি আবিষ্কারের দাবি করেন। গত মে মাসে এ চিকিৎসা পদ্ধতির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়। ইংল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল সাউদাম্পটনে ৭৫ জন স্বেচ্ছাসেবীর ওপর চালানো হয় পরীক্ষা। নেবুলাইজার ব্যবহার করে এ প্রোটিন সরাসরি পৌঁছে দেওয়া হয় আক্রান্তের ফুসফুসে। আশা প্রকাশ করা হয়, এর মধ্য দিয়ে আক্রান্তের শরীরে ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে।

সিনাইরগেনের দাবি, প্রোটিন ট্রিটমেন্টের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক ফলে দেখা গেছে, কভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জটিলতা অনেক কমে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত