রাজধানীর শাহজাহানপুর অফিসার্স কলোনীর একটি বাসা থেকে সেলিনা আক্তার (৩২) নামে এক গৃহকর্মীর ও বনানী সেতু ভবনের সামনে থেকে অজ্ঞাতনামা (৩২) এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শাহজাহানপুর থানার উপ পরিদশর্ক (এসআই) মো. শাহীন আলম জানান, খবর পেয়ে সকালে সাড়ে ৯ টার দিকে শাহজাহানপুর অফিসার্স কলোনীর বি/১৬/এ নম্বর ৪ তলা বাড়ির নিচ তলার বাসা থেকে সেলিনার মৃতদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে স্টোক করে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এসআই জানান, বগুড়া সারিয়াকান্দি উপজেলার আবুল খায়েরের মেয়ে সে। কয়েক বছর আগে স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে। প্রায় ১ বছর ধরে গৃহকর্তা এএম সালাউদ্দিনের বাসায় কাজ করতো সে। আগে অন্যত্র থাকলেও মাসখানেক যাবৎ ওই বাসায়ই একটি রুমে থাকতো সে। প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে তার রুমে ঘুমিয়ে পড়ে সেলিনা। সকাল হয়ে গেলেও সে না উঠায় বাসার লোকজনের সন্দেহ হয়। গৃহকর্তা সেলিনার ভাইকে খবর দিলে ভাই ঘটনাস্থলে যান এবং পুলিশে খবর দেন। পরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
এদিকে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন রব্বানী জানান, সকাল ৯ টার দিকে খবর পেয়ে বনানী সেতু ভবন এর বিপরীত পাশের রাস্তা থেকে অপর মৃতদেহটি উদ্ধার করা হয়। তার নাম পরিচয় কিছুই জানা যায়নি। ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোরে ওই রাস্তার পায়ে হেঁটে পার হবার সময় কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই মারা যায় সে।
