হোল্ডারকে সরিয়ে টেস্টের সেরা অলরাউন্ডার স্টোকস

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৫:৫৯ পিএম

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় জ্যাসন হোল্ডারকে পেছনে ফেলে শীর্ষে এখন বেন স্টোকস। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ম্যাচজয়ী পারফরম্যান্সে এই অর্জন তার।

শেষ ১৪ বছরে এই প্রথম কোনো ইংলিশ ক্রিকেটার টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠলেন। সবশেষ ২০০৬ সালে অ্যান্ড্রু ফ্লিনটফ শীর্ষে ছিলেন।

ব্যাটসম্যানদের তালিকাতেও স্টোকস ক্যারিয়ারসেরা অবস্থান তৃতীয় স্থানে উঠে এসেছেন।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে প্রথম ইনিংসে ১৭৬ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেন স্টোকস। বল হাতে নিয়েছেন ৩ (১+২) উইকেট।

টেস্টে অলরাউন্ডারদের তালিকায় হোল্ডারের ১৮ মাসের রাজত্বের অবসান ঘটালেন স্টোকস। ক্যারিবীয় অধিনায়কের চেয়ে এখন ৩৮ রেটিং পয়েন্ট এগিয়ে তিনি। ক্যারিয়ার সেরা ৪৯৭ রেটিং পয়েন্ট স্টোকসের। হোল্ডারের রেটিং ৪৫৯।

ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের তালিকায় ২৯ ধাপ এগিয়েছেন ডোমিনিক সিবলি। এখন ৩৫তম অবস্থানে তিনি। সাউদাম্পটন টেস্টে দলের বাইরে থাকা স্টুয়ার্ট ব্রড ফিরেই নিয়েছেন ৬ (৩+৩) উইকেট। এই পারফরম্যান্সে চার ধাপ এগিয়ে তিনি বোলারদের তালিকায় সেরা দশে (১০ম) ঢুকেছেন। ক্রিস উকস উঠে এসেছেন ২১তম স্থানে। ২০১৬ সালের পর যা তার সেরা অবস্থান।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান হারানো হোল্ডার বোলারদের তালিকাতেও পিছিয়েছেন। দুই নম্বর থেকে তিনে নেমে গেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত