গাজীপুরের তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুদিন পর মঙ্গলবার দুপুরে স্কুলছাত্র শাকিব হোসেনের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিখোঁজ দুই ছাত্রেরই মরদেহ উদ্ধার হয়েছে।
গাজীপুর মহানগরের বাসন থানার এস আই আল আমিন জানান, গত রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে প্লাস্টিকের টিউব নিয়ে তুরাগ নদে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় দুই কিশোর দুর্জয় নাথ মোহন্ত (১৪) ও শাকিব হোসেন (১৩)।
নিখোঁজ হওয়ার দুইদিন পর মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে ইসলামপুর এলাকার ভূঁইয়া গার্মেন্টসের পাশে তুরাগ নদে শাকিবের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত শাকিব জামালপুরের বকশীগঞ্জ থানার খামারগেদরা গ্রামের আবু সাঈদের ছেলে।
এর আগে ঘটনার দিন সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার ভাটিতে তুরাগ নদের ইসলামপুর ইটভাটা এলাকা হতে নিখোঁজ অপর কিশোর দুর্জয়ের (১৪) মরদেহ উদ্ধার করা হয়।
