পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৭:৪৯ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। 

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন। 

করোনা পরীক্ষায় রিজেন্ট হাসপাতাল ও জিকেজির জালিয়াতির ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হলে সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। 

এরপর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ দুই ঘটনার কারণ ব্যাখ্যা করে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল।  

স্বাস্থ্য অধিদপ্তরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ১২ জুলাই প্রতিষ্ঠানটির মহাপরিচালককে (ডিজি) শোকজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।শোকজে 'স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ' বলতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কী বোঝাতে চেয়েছেন সে বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

১৬ জুলাই করোনা টেস্ট ও চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারকটি তৎকালীন স্বাস্থ্য সচিবের নির্দেশনায় সই হয়েছিল বলে শোকজের লিখিত বক্তব্যে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল কালাম আজাদ।

ডিজি তার ব্যাখ্যায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের অনুরোধে গত ১৯ মার্চ তৎকালীন স্বাস্থ্যসচিব আসাদুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরকে একটি ‘ফাইল নোট’ দেন বলে উল্লেখ করেন।

সাবেক স্বাস্থ্য সচিবের নির্দেশনা পাওয়ার পর, সমঝোতা স্মারকে সই করার আগে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আমিনুল হাসান রিজেন্ট হাসপাতাল পরিদর্শনে যান।

তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এতে জড়িত ছিলেন না বলে মহাপরিচালক তার ব্যাখ্যায় স্পষ্ট করেছেন।

অপরদিকে করোনা পরীক্ষায় জালিয়াতিতে অভিযুক্ত আরেক প্রতিষ্ঠান জিকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরকে সব বিষয়ে আগেই অবহিত করেছিলেন বলে জানান।   

এই দুই ঘটনায় বিতর্কের কেন্দ্রে থাকা ডা. আবুল কালাম আজাদ অবশেষে মঙ্গলবার পদত্যাগ করলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত