কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক সহায়তা বাবদ ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদান পাচ্ছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার একখা জানান।
তিনি বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা যে আর্থিক সংকটে পড়েছেন তা থেকে উত্তোরণে কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক ও ১০ হাজার ২০৪ জন কর্মচারীকে ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হবে।
ইতোপূর্বে ১৩ হাজার ৯২৯টি কওমি মাদ্রাসার এতিম ও দুস্থদের জন্য ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর অনুকূলে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী।
