দেশের সকল অধস্তন আদালতে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও চাহিদা মোতাবেক সব ধরনের লজিস্টিক সুবিধা দিতে গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দিয়েছে হাইকোর্ট প্রশাসন। গত সোমবার গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে এ চিঠি পাঠান হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী।
এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালসমূহে স্বাস্থ্য অধিদপ্তর কর্র্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি এবং নিরাপদ শারীরিক দূরত্ব অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম চলমান রয়েছে। করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধকল্পে স্বাস্থ্যবিধি বজায় রাখা নিশ্চিতকরণের নিমিত্তে এজলাস কক্ষ এবং আদালত ভবনে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নসহ আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
