ইউরোপের ঐতিহাসিক চুক্তি

আপডেট : ২২ জুলাই ২০২০, ০৬:৪৫ এএম

টানা আলোচনার পর চতুর্থ রাতে গিয়ে করোনাভাইরাস-পরবর্তী বড় ধরনের পুনরুদ্ধার প্যাকেজের একটি চুক্তিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। নতুন এ চুক্তিতে ২৭ দেশের জোটে মহামারীর প্রভাব মোকাবিলায় অনুদান ও ঋণ হিসেবে ৭৫০ বিলিয়ন ইউরো মঞ্জুরের বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তিন দিনের সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণে দ্বিধাবিভক্ত ইইউ নেতাদের করণীয় নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন পর্যবেক্ষকরা। এমন অবস্থায় এই চুক্তিকে ইউরোপের জন্য ঐতিহাসিক হিসেবে বিবেচনা করছেন তারা।

সম্মেলনের চেয়ারম্যান চার্লস মাইকেল চুক্তি স্বাক্ষরের ক্ষণটিকে ইউরোপের জন্য ‘অনন্য মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। গত শুক্রবার থেকে শুরু হওয়া এ সম্মেলনে অর্থনীতি পুনরুদ্ধারের খরচ নিয়ে করোনাভাইরাসের আঘাতে বেশি বিপর্যস্ত দেশগুলোর সঙ্গে জোটের ‘মিতব্যয়ী’ সদস্যদের স্পষ্ট বিভক্তি দেখা গেছে। মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সদস্য দেশগুলোকে ৩৯০ বিলিয়ন ইউরো দেওয়ার বিষয়টি চুক্তিতে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। আগামী ৭ বছরের জন্য প্রায় ১ দশমিক ১ ট্রিলিয়ন ইউরোর বাজেটের পাশাপাশি জোট নেতারা টানা আলোচনার পর করোনাভাইরাস-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে চুক্তির বিষয়ে একমত হন।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুক্রবার স্থানীয় সময় সকালে শুরু হওয়া এ সম্মেলনে ৯০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হয়েছে। ২০০০ সালে ফ্রান্সের নিসে শহরে পাঁচ দিনের ম্যারাথন বৈঠকের পর এটিই জোট নেতাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী আলোচনা। সমঝোতা চুক্তি হওয়ার পর এখন পুনরুদ্ধার প্যাকেজের খুঁটিনাটি নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা শুরু হবে। চুক্তিটিকে ইউরোপিয়ান পার্লামেন্টের অনুমোদনও পেতে হবে। জোটের ২৭ দেশের নেতারা একমত হওয়ার পর গতকাল মঙ্গলবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল টুইটারে ‘চুক্তি’ হয়েছে বলে জানান। সম্মেলনের আলোচনায় কভিড-১৯-এ মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অনুদান বাবদ কত দেওয়া হবে, তা নিয়ে স্পষ্ট বিভক্তি দেখা গেছে।

ইতালি, স্পেনসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ৫০০ বিলিয়ন ইউরো দেওয়ার একটি প্রস্তাবের বিপক্ষে স্বঘোষিত চার মিতব্যয়ী দেশ ডেনমার্ক, সুইডেন, অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসের পাশাপাশি ফিনল্যান্ডের নেতারাও দৃঢ় অবস্থান নিলে এ বিভক্তি সৃষ্টি হয়। ‘মিতব্যয়ী’ অংশের নেতৃত্ব দেওয়া নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অনুদান সর্বোচ্চ ৩৭৫ বিলিয়ন ইউরোর মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেন। অন্যদিকে স্পেন, ইতালিসহ অন্য দেশগুলোর নেতারা অনুদানের পরিমাণ কোনোভাবেই ৪০০ বিলিয়ন ইউরোর নিচে দেখতে চাননি। এই দলে সবচেয়ে চড়া কণ্ঠস্বর ছিল হাঙ্গেরির প্রধানমন্ত্রীর।

দরকষাকষি শেষে সব দেশ জোটের ক্ষতিগ্রস্ত সদস্যদের অনুদান হিসেবে ৩৯০ বিলিয়ন ইউরো দিতে সম্মত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ইউরোপিয়ান কমিশন তহবিলের অর্থ বরাদ্দের দায়িত্বে থাকবে। চুক্তিকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। করোনাভাইরাস-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের চুক্তি নিয়ে ইইউ নেতাদের একমত হওয়ার দিনকে ‘ইউরোপের জন্য ঐতিহাসিক দিন’ হিসেবেও অভিহিত করেছেন তিনি। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট মাইকেল বলেছেন, এ চুক্তির মাধ্যমে জোট তাদের সম্মিলিত দায়িত্ব ও সার্বজনীন ভবিষ্যতের ওপর আস্থার প্রমাণ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত