গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উড়ে গেল বাসের ছাদ

আপডেট : ২২ জুলাই ২০২০, ০৮:০৭ এএম

ঝালকাঠিতে বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের ওপর হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে পাথরঘাটাগামী একটি যাত্রীবাহী বাসের ছাদ উড়ে গেছে।

গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার সমবায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীসহ ১৩ জন আহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করেন। পরে তাদের মধ্যে পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, ফজরের নামাজের কিছু সময় আগে রাস্তায় বিকট আওয়াজ পেয়ে বের হয়ে এ ঘটনা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। দুর্ঘটনায় বাসের ছাদ উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে। বাসটি চট্টগ্রাম থেকে পাথরঘাটায় যাচ্ছিল।

রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত