এ যেন ভূতের মুখে না রাম নাম! করোনাভাইরাস মোকাবিলায় মাস্ক পরায় যেই ডোনাল্ড ট্রাম্প ঘোর বিরোধী ছিলেন এখন তিনি সেটা পরার প্রচারণা চালাচ্ছেন! পছন্দ হোক বা হোক যুক্তরাষ্ট্রে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বেশ কিছুদিন বিরতির পর করোনাভাইরাস প্রসঙ্গ নিয়ে মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এসে সবাইসে মাস্ক পরতে আহ্বান জানান ট্রাম্প, “আপনাদের যখন আপনাদের সামাজিক দূরত্ব মানা সম্ভব হয় না সে পরিস্থিতিতে আমরা সবাইকে মাস্ক পরার আহ্বান জানাচ্ছি।”
করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে মাস্ক পরার কার্যকারিতা আছে বলে অকপটে স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট, “আপনার পছন্দ হোক বা না হোক, মাস্ক পরার একটা প্রভাব আছে। এই সংক্রমণ ঠেকাতে আমাদের সম্ভাব্য সবকিছুই করতে হবে। সানন্দে আমি এটা ব্যবহার করব।”
এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ উঠতির দিকেই আছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় ৬৮ হাজারের বেশি মানুষের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। এই নিয়ে টানা আট দিন ৬০ হাজারের বেশি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।
যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৪০ লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ৪৫ হাজার মানুষের। সুস্থ ১৮ লাখ ৮৬ হাজার বাদ দিলে দেশটিতে অ্যাকটিভ করোনারোগী আছে ২০ লাখ ছুঁই ছুঁই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞরা, কভিড-১৯ সংক্রমণে মাস্ক পরাকে অন্যতম হাতিয়ার বলে আসলেও শুরু থেকেই এর বিরোধী ছিলেন ট্রাম্প। কিন্তু সময়ের সঙ্গে ভোল পাল্টিয়েছেন তিনি।
কিছুদিন ধরে মাস্কের ব্যাপারে গো ধরা অবস্থান থেকে সরে এসেছেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে প্রথমবারের মতো মাস্ক পরে জনসম্মুখেও আসেন।
গত পরশু টুইটার পোস্টে মাস্ক পরাকে ‘দেশপ্রেম’ বলে উল্লেখ করেন ট্রাম্প, “অদৃশ্য এই চীনা ভাইরাসকে হারাতে আমাদের প্রচেষ্টায় আমরা ঐক্যবদ্ধ। অনেক মানুষ বলেন, যখন আপনি সামাজিক দূরত্ব মানতে পারেন না তখন মাস্ক পরাটা স্বদেশপ্রেম।”
