হাসপাতাল-ক্লিনিকের অনিয়ম খতিয়ে দেখতে নতুন টাস্কফোর্স: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২২ জুলাই ২০২০, ০৫:২৪ পিএম

দেশের হাসপাতাল-ক্লিনিকসহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখতে সরকার নতুন করে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের ভ্যাকসিন দেশে প্রয়োগ হবে কিনা কিংবা হলেও তা কবে নাগাদ হবে সে ব্যাপারে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সাথে পরামর্শ করেই সরকার সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, সরকার বিভিন্ন দেশের ভ্যাকসিনের কার্যকারিতার ওপর চোখ রাখছে। দেশের জন্য যা ভালো হবে সরকার সে রকম সিদ্ধান্তই গ্রহণ করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক কবে যোগদান করবে এমন প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জনপ্রশাসন সচিব-এর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। যেহেতু তিনি গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা ছিলেন তাই তার পদত্যাগ পত্র গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জনপ্রশাসন থেকে ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এলে নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে কাজ করা হবে।

এ সময় তিনি বলেন, সরকার নতুন করে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করছে। এই টাস্কফোর্সের মাধ্যমে দেশে হাসপাতাল, ক্লিনিকসহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হয় কিনা তা খতিয়ে দেখা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (হাসপাতাল) বদলি করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, এটি কেবল পরিচালক হাসপাতাল শাখা নয়, যে শাখাগুলো বেশি সমালোচিত হয়েছে, সেগুলো ভালোভাবে খতিয়ে দেখে সরকার শক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত