কুয়েতের অসুস্থ আমির চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৯:৫১ এএম

অসুস্থ হয়ে নিজ দেশের হাসপাতালে কয়েক দিন ভর্তি থাকার পর অধিকতর ভালো চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ।

বৃহস্পতিবার ৯১ বছর বয়সী আমির যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন বলে তার অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হঠাৎ অসুস্থ হয়ে গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আল-সাবাহ। সেখানে তার একটি অস্ত্রোপচার হয়। কিন্তু কী অসুস্থতায় অস্ত্রোপচার করা হয়েছে তা প্রকাশ করেনি কুয়েত সরকার।

আমিরের অসুস্থতায় বর্তমান পরিস্থিতিতে ‘আংশিক শাসক’ হিসেবে দেশটির ক্ষমতার মসনদে বসেছেন ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ।

আরও: হাসপাতালে কুয়েতের আমির, মসনদে ক্রাউন প্রিন্স

বৃহস্পতিবার আমিরের দপ্তরের বরাত দিয়ে সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেইউএনএ জানিয়েছে, “চিকিৎসার জন্য শেখ সাবাহ আজ ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন।”

এর আগে এক বিবৃতিতে জানানো হয়েছিল, আমিরের মেডিকেল দলের পরামর্শের ভিত্তিতে তার শরীরে সফল একটি অস্ত্রোপচার হয়েছে।

তেলসমৃদ্ধ আরব উপদ্বীপের ছোট্ট দেশটিতে ২০০৬ সাল থেকে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন আল-সাবাহ। এর আগে ২০১৯ সালেও একবার হাসপাতালে ভর্তি হন তিনি। ওইবার অসুস্থতার কারণে তখন যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেন আল-সাবাহ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা করার সূচি পর্যন্ত বাদ দেন।

অনেক দিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন শেখ সাবাহ। ২০০২ সালে তার অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়। এর দুই বছর পর তার হার্টে একটি পেস মেকার প্রতিস্থাপন করা হয়। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মূত্র নালিতে অস্ত্রোপচার করা হয়।

আরব উপসাগরে দুই চির শত্রু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা পোড়েন চরমে পৌঁছালে উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন কুয়েতের আমির। বর্তমান আধুনিক কুয়েতের স্থপতি হিসেবে ভাবা হয় শেখ সাবাহকে।

ক্রাউন প্রিন্স ৮৩ বছর বয়সী শেখ নাওয়াফ আমির শেখ সাবাহর সৎ ভাই। কুয়েতের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েক দশক ধরে দায়িত্ব পালন করছেন কুয়েত সরকারের জ্যেষ্ঠ এই মুখপাত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত