করোনাভাইরাসের (কভিড-১৯) ২৪ ঘণ্টার সংক্রমণে ফের রেকর্ড গড়ল বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত। দেশটিতে মোট মৃতের সংখ্যাও এখন ৩০ হাজার ছুঁই ছুঁই।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও ৪৫ হাজার ৭২০ জন। এ সময় মৃত্যু হয়েছে আরও ১ হাজার১২৯ জনের।
ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৮৬১ জন।
ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে ১০ হাজার ৫৭৬ জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৬০৭ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৫৬ জনে।
দ্বিতীয় স্থানেই রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লাখ ৮৬ হাজার ৪৯২ জন। এ রাজ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৪৪ জনের।
ভারতে করোনায় আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩২৩ জন। মৃতের সংখ্যা ৩ হাজার ৭১৯ জন।
