সকালে ডেকে নিয়ে গেল ৩ যুবক, দুপুরে মিলল পল্লী চিকিৎসকের বিবস্ত্র লাশ

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০৮:৪২ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নুর মোহাম্মদ টিপু (৩৫) নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরের পৌনে ১টার দিকে সাপমারা এলাকার ব্রিজের নিচের ধলিয়া খাল থেকে বিবস্ত্র ও পা-মুখ বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পেশায় পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপু মাটিরাঙ্গা উপজেলার মুসলিম পাড়া মৃত রহমত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, এদিন ভোর ৪টার দিকে তার নিজ বাড়ি থেকে চিকিৎসার কথা বলে ৩ জন যুবক এসে তাকে নিয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ ছিল না। ফোনও বন্ধ ছিল। বিষয়টি পরিবার থেকে মাটিরাঙ্গা পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিদের মৌখিকভাবে জানানোও হয়েছিল। কিন্তু, নিখোঁজের ৯ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর বলেন, নিখোঁজের পর থেকে আমরা চারপাশে তাকে অনেক খোঁজ করেছি। তবে তার কোন হদিস পাচ্ছিলাম না। পরে দুপুরের দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকার ব্রিজের নিচে তার মরদেহ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছুদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত