সাবেক সাংসদ, বঙ্গবন্ধুর সহচর, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক দেলোয়ার হোসেন (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বার্ধক্যজনিত রোগে ফরিদপুর শহরের নীলটুলীর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে তৌহিদুল ইসলাম পুচ্চি জানান, বাদ এশা আম্বিকা ময়দানে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় আলীপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি ১৯৭৩ সালে ফরিদপুরের বোয়লামারী-আলফাডাঙ্গা আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন।
তিনি আজীবন শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। তিনি মধুখালী সরকারি আয়েন উদ্দিন কলেজ, ফরিদপুর ইয়াছিন কলেজ, কাদেরদী ডিগ্রি কলেজে, বোয়ালমারী কলেজে শিক্ষকতা করেছেন। এছাড়া বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
দেলওয়ার হোসেনের মৃত্যুতে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনের সাংসদ মনজুর হোসেন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক প্রকাশ করেছেন।
