শিক্ষার্থীদের ২০ হাজার করে টাকা দেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়

আপডেট : ২৫ জুলাই ২০২০, ১২:০৫ এএম

শিক্ষার্থীদের মোবাইল কিনতে ২০ হাজার টাকা করে দেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণার পর অনলাইনে ক্লাস করার জন্য মোবাইল কিনতে ২০ হাজার শিক্ষার্থীকে ২০ হাজার করে টাকা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে।                                                    

বাজেট বইয়ের মুখবন্ধে কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন অনলাইনে ক্লাসে যোগ দেওয়ার জন্য স্মার্টফোন কিনতে ২০ হাজার শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়ার একটি প্রস্তাব করেছিলেন।

সেখানে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ হল ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রম। এ কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, কিন্তু ব্যাপক ব্যয় অব্যাহত রয়েছে। সুতরাং বাস্তব সরকারি তথা জনগণের অর্থের যথার্থ ব্যবহার করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন মহল হতে অনলাইন ক্লাস শুরুর প্রস্তাব আসছে, তবে এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সাহায্যেও অর্থ বরাদ্দসহ কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এতে আরো বলা হয়, অনলাইন ক্লাস শুরুর প্রস্তুতি হিসেবে যদি ২০ হাজার শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে স্মার্টফোন কেনার জন্য অনুদান দেওয়া হয়, তবে ৪০ কোটি টাকার প্রয়োজন। বর্তমানে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে যারা ৫ম গ্রেড বা তদুর্ধ্ব গ্রেডে বেতন পাচ্ছেন তাদের মূল বেতন এক বৎসরের জন্য ৩% বা ৫% কমিয়ে দিলে প্রায় ১০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহলি হতে আরও ১০ কোটি টাকা অনুদান দেওয়া সম্ভব। বাকি ২০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তহবিল থেকে দেওয়া যেতে পারে। অথবা বিকল্প ব্যবস্থা হিসেবে সরকারের নিকট হতে ৫০ কোটি টাকা বিশেষ বরাদ্দের আবেদন করা যেতে পারে।

তবে উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ এ বিষয়ে বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। এই প্রস্তাবটা কোষাধ্যক্ষ বাজেট বইয়ের ড্রাফটে লিখেছিলেন। এটা তিনি উদাহরণ হিসেবে লিখেছিলেন।এটা প্রস্তাব আকারে সিনেটে পেশ হয়নি। তা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর তো মোবাইল কেনার প্রয়োজন নেই। যাদের অনলাইন ক্লাস করার জন্য ডিভাইস নেই, তাদের জন্য ইউজিসি বা সরকার চাইলে একটা থোক বরাদ্দ দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত