গুলিস্তানে পুলিশের মোটরসাইকেল থেকে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ২৬ জুলাই ২০২০, ১২:৫৫ এএম

রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের সামনে এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলে ঝোলানো ব্যাগ থেকে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পরীক্ষা করে দেখে সেটি গ্রেনেড নয়। বালি ভর্তি একটি বোতল।

এসময় পথচারীরা আতঙ্কিত হয়ে পরে। ঈদের আগে আতঙ্ক ছড়ানোর জন্য কেউ পরিকল্পিত ভাবে এ কাজ করেছে বলে মনে করছেন পুলিশের সংশ্লিষ্টরা।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক দেশ রূপান্তরকে বলেন, মো. সাঈদ নামের এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলে ঝোলানো ব্যাগ থেকে স্কচ-টেপ প্যাঁচানো পানির বোতল উদ্ধার করা হয়েছে। বোতলটা কেটে গ্রেনেড আকৃতির বানিয়েছিল। ওপরে প্যাঁচানো ছিল কালো স্কচ-টেপ। বোম্ব ডিসপোজাল টিম ভেতরে বালু আর তার পেয়েছে। 

তিনি বলেন, এর আগেও এখানে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তাই আতঙ্ক ছড়িয়েছিল। আর এই আতঙ্ক ছড়ানোর জন্যই হয়তো এ কাজ করা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় কোনো মামলা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনো মামালা হবে না।

এ বিষয়ে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়াহেদুল ইসলাম বলেন, গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে এক ট্রাফিক সার্জেন্ট মোটরসাইকেল রেখে ডিউটি করছিলেন। ডিউটি শেষে তিনি মোটরসাইকেলের কাছে আসার পরে দেখতে পান, তার মোটরসাইকেলে একটি ব্যাগ ঝুলছে, যেটি তার নিজের নয়। ব্যাগটি খুলে ভেতরে বোমা সদৃশ কিছু দেখেই আতঙ্কিত হয়ে দ্রুত আমাদের জানায়। আমরা বিষয়টি বোম ডিসপোজাল ইউনিটকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তারা জানান, ওটা আসলে বোমা না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত