পশুর হাটে ভারতীয় গরু বিক্রি বন্ধে আইনি নোটিস

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০৭:০৯ এএম

কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে আনা ভারতীয় গরু বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আইনি নোটিস পাঠানো হয়েছে। রাজধানীর কাপ্তান বাজারের দুজন গরু ব্যবসায়ীর পক্ষে গতকাল শনিবার আইনজীবী মুহম্মদ মাসুদুজ্জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এ নোটিস পাঠান। নোটিসপ্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। 

নোটিসে বলা হয়েছে, মহামারী করোনার প্রাদুর্ভাব ও বন্যার কারণে দেশের উত্তরাঞ্চলের খামারিদের চরম দুঃসময় যাচ্ছে। ন্যায্য মূল্য না পেয়ে খামারিদের কম দামে গরু বিক্রি করতে হচ্ছে। এতে করে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এমন পরিস্থিতিতে কতিপয় অসাধু ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে চোরাচালানের মাধ্যমে ভারতীয় গরু এনে হাটে তুললে দেশীয় খামারিরা অর্থনৈতিক বিপর্যয়ে পড়বেন। এতে আরও বলা হয়, ভারত থেকে বাংলাদেশে গরু আমদানির কোনো অনুমতি নেই। চোরাচালানের মাধ্যমে গরু আমদানি এবং বিক্রয় দুই-ই ফৌজদারি অপরাধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত