মডেল টেস্ট : বাংলা
(গতকালের পর)
১১. নিচের কবিতাংশটি পড়ে ক, খ ও গ নম্বর প্রশ্নের উত্তর লেখো
মাঠের পরে মাঠ চলেছে/নেই যেন এর শেষ
নানা কাজের মানুষগুলো/আছে নানান বেশ।
মাঠের মানুষ যায় মাঠে আর/হাটের মানুষ হাটে।
দেখে দেখে একটি ছেলের/সারাটি দিন কাটে।
ক. কী দেখে ছেলেটির দিন কেটে যায়? দুই বাক্যে লেখো।
খ. কবিতাংশটির মূলভাব পাঁচ বাক্যে লেখো।
গ. তোমার দেখা প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে তিনটি বাক্য লেখো।
১২. মনে করো, তুমি ফিরোজ/ফিরোজা। তোমার বন্ধু/বান্ধবীর নাম ফরহাদ/ফরিদা। তোমার দেখা বৈশাখী মেলার বর্ণনা দিয়ে তোমার বন্ধু/বান্ধবীকে একটি চিঠি লেখো।
উত্তর
১. বন্দি, জীবিকার উপায়, মাথা, উপকারীর উপকার স্বীকার করে যে, অগণিত, নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি, জাতির নিজস্ব।
২. ক. আমরা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করি। নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এ বিজয় অর্জন করি।
খ. এ দেশের সাধারণ মানুষ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও নানাভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল। তারা মুক্তিযোদ্ধাদের সাহস ও ভরসা জুগিয়েছিল এবং অনেক ক্ষেত্রে খাদ্য, আশ্রয় ও তথ্য দিয়ে সাহায্য করেছিল। বিজয় অর্জনে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এ দেশের সাধারণ মানুষের ভূমিকা ছিল অনন্য।
গ. আমরা যেভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি
আমরা তাদের দেশপ্রেমের চেতনাকে ধারণ করলে তাদের ঋণ শোধ করা হবে।
স্বাধীনতা দিবস, বিজয় দিবস প্রভৃতি দিবসে শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানাতে হবে।
দেশের মানুষকে ভালোবাসতে হবে।
দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে; দেশের ক্ষতি হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে।
৩. ক. কলকাকলিতে, খ. বিপর্যয়, গ. ঐতিহ্য, ঘ. প্রাকৃতিক, ঙ. আকর্ষণ।
৪. ক. সুন্দরবন প্রাকৃতিক বৈচিত্র্যের ভাণ্ডার। এখানে অনেক প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। এ বনের মূল আকর্ষণ মায়া হরিণ। এ ছাড়া রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, বানর, সাপ, কুমিরসহ বিভিন্ন ধরনের গাছ। পশু-পাখির কলকাকলিতে এ বন মুখরিত থাকে।
খ. সুন্দরবনের বৃক্ষ নানা ধরনের কাজে ব্যবহৃত হয়। যেমন খুঁটি তৈরিতে সুন্দরী, নিউজপ্রিন্ট তৈরিতে গেওয়া, পেন্সিল তৈরিতে ধুন্দল, ঘরের ছাউনিতে গোলপাতা এবং দেশলাই কারখানায় গেওয়া কাঠ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
গ. সুন্দরবনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে
জলবায়ু পরিবর্তনের ফলে।
প্রাকৃতিক বিপর্যয়ের কারণে।
গাছ কেটে সুন্দরবনের প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে।
অবাধে পশু শিকার সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে।
সর্বোপরি সচেতনতার অভাবে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হচ্ছে।
৫. উঠেছি, ঘটছে, গড়িয়ে, দেখাচ্ছিল, পারবেন, ঝলমলিয়ে, কাঁপতে।
৬. ক. কে জলের অভাবে কষ্ট পাচ্ছিল?
খ. পথিক কখন থেকে হাঁটছিল?
গ. তেষ্টায় পথিকের কী পর্যন্ত শুকিয়ে উঠল?
ঘ. দুপুরের রোদে গেরস্তের বাড়ির সবাই কীভাবে ঘুম দিচ্ছে?
ঙ. লোকজন কেন লাঠি নিয়ে তেড়ে আসবে?
৭. র্জ = র + জ। স্বাধীনতা আমাদের সোনালি অর্জন।
স্ত = স + ত। আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করি।
স্ম = স + ম। গ্রামের বাড়ির স্মৃতিগুলো খুব মনে পড়ে।
প্ন = প + ন। বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি।
র্ষ = র + ষ। নববর্ষে আমরা পান্তা-ইলিশ খাই।
৮. কী উৎসাহ, কী আগ্রহ! শুনেও সুখ হয়। এ রকম জানার আকাক্সক্ষা ক-জনের আছে, বলুন তো?
৯. ক. হ্রেষা, খ. সত্যবাদী, গ. দর্শক, ঘ. নির্দয়, ঙ. প্লবগ, চ. নিক্বণ
১০. আরাম, বেজার, নির্মম, বিস্বাদ, আসল
১১. ক. যা দেখে ছেলেটির দিন কেটে যায়
মাঠের পরে মাঠের যে সৌন্দর্য রয়েছে তা দেখে।
নানা কাজের নানা ধরনের মানুষ দেখে ছেলেটির সারাটি দিন কেটে যায়।
খ. কবিতাংশটির মূলভাব
বাংলা প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। বাংলার অবারিত মাঠ, ধানের ক্ষেত দেখে মনে হয় আমাদের দেশের রূপের শেষ নেই। এ দেশে নানা পেশার মানুষ বসবাস করে। বাংলার প্রকৃতি ও মানুষের জীবনধারণের দৃশ্য দেখে ছেলেটির সারাটি দিন কাটে।
গ. আমার দেখা প্রাকৃতিক দৃশ্য
শরৎকালে নদীর তীরে কাশবন খুব সুন্দর লাগে। বর্ষাকালের খাল-বিল পানিতে থই থই করে। ফাল্গুনে গাছে গাছে নতুন পাতা ও ফুলের সমারোহ ঘটে।
১২. ফুলতলা, খুলনা
২৩ জুন, ২০২০
প্রিয় ফরহাদ,
নতুন বছরের শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছো। গত পহেলা বৈশাখের দিন আমি বড় ভাইয়ের সঙ্গে বৈশাখী মেলায় গিয়েছিলাম। মেলায় গিয়ে আমি অনেক আনন্দ করেছি। মেলায় নানা জিনিসের পসরা বসেছিল। জিলাপি, খই, বাতাসা, মুড়ি-মুড়কি, মৃৎশিল্প, খেলনাসামগ্রীসহ নানা রকম জিনিসে ভরপুর ছিল মেলা প্রাঙ্গণ। প্রচুর মানুষ মেলায় জিনিস কিনতে এসেছিল। আমি মেলা থেকে একটা মাটির ঘোড়া, খই, বাতাসা ও জিলাপি কিনে বাসায় ফিরেছি। তুমি বৈশাখী মেলা কেমন দেখলে চিঠিতে জানিও। সময় পেলে আমাদের এখানে বেড়াতে এসো। আজ এখানেই শেষ করছি।
ইতি
তোমার বন্ধু
ফিরোজ
