পূর্ব শক্রতার জের ধরে এবং বাড়ির পাশে মাছ ধরার ভেসাল পাতাকে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈরে রুহিদাস বাড়ৈ (৭৫) নামের বৃদ্ধকে শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সুকদেব বৈদ্য ও সমীর বৈদ্যর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার চৌয়ারীবাড়ী গ্রামে।
নিহত রুহিদাস একই গ্রামের মৃত রুপচাঁদ বাড়ৈর ছেলে। এ ঘটনায় রুহিদাসের নাতি জীবন বৈদ্য (১৫) আহত হয়।
পুলিশ, এলাকাবাসী ও স্বজনরা জানায়, সোমবার সন্ধ্যায় রাজৈর উপজেলার চৌয়ারীবাড়ী গ্রামে রুহিদাসের জায়গায় প্রতিপক্ষ সুকদেব ও সমীর ভেসাল পাততে গেলে রুহিদাসের নাতি জীবন বাড়ৈ (১৫) বাধা দেন।
কথা কাটাকাটির একপর্যায়ে সুকদেব বৈদ্য ও সমীর বৈদ্য মিলে জীবন বাড়ৈকে মারধর করেন। এ সময় তার নাতি জীবন বাড়ৈ চিৎকার দিলে রুহিদাস এগিয়ে গেলে তাকে লোহার সাবল দিয়ে আঘাত করেন।
মুমূর্ষু অবস্থায় রুহিদাস বাড়ৈকে রাত ১০টার দিকে প্রথমে রাজৈর হাসপাতাল এবং পরে ১১টার দিকে আশঙ্কা অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর পর সুকদেব বৈদ্য ও সমীর বৈদ্য এলাকা ছেড়ে পালিয়ে যায়।
নিহত রুহিদাস বাড়ৈ বড় জগন্নাথ বাড়ৈ জানান, আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি ফরিদপুরে আছি, আমার বাবার ময়নাতদন্ত করে বাড়ীতে নেয়ার পর হত্যা মামলা করবো।
রাজৈর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শেখ সাদীক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সুকদেব বৈদ্য ও সমীর বৈদ্যকে গ্রেপ্তারের সাঁড়াশী অভিযান অব্যাহত আছে। এখনো মামলা হয়নি নিহতের ছেলে বাড়ীতে এসে মামলা করবে বলে জানিয়েছে।
