অব্যবস্থাপনা, অসন্তোষজনক পারফরম্যান্স ও বোর্ড ম্যানেজারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এনে হঠাৎ করেই বরখাস্ত করা হলো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লুৎফুল্লাহ স্তানিকজাইকে।
সোমবার এক বিবৃতিতে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড- এসিবি। তিন বছরের চুক্তির মেয়াদের এক বছর পূরণ করতে পেরেছিলেন স্তানিকজাই।
অনেকবার ‘মৌখিক এবং লিখিতভাবে’ সতর্ক করার পরও নিজেকে না বদলানোয় বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসিবি। বোর্ডের চেয়ারম্যান ফারহান ইউসুফজাই ২৯ জুলাইয়ের মধ্যে স্তানিকজাইকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে স্তানিকজাই ইএসপিএনক্রিকইনফোকে বলেন, “আমি এসিবি’র একজন বোর্ড সদস্যের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, তারা এ ব্যাপারে জানেন না।”
“এসিবি’র গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড কর্তৃপক্ষ সিইও নিয়োগ দেওয়া হয়। সিইও’র ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে বোর্ডের নেওয়া উচিত।”
সিইও হওয়ার আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন স্তানিকজাই।
