অনলাইনে এমসিকিউ (বহুনির্বাচনী) পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্র্তৃপক্ষ। অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য গঠিত নিবিড় পর্যবেক্ষণ কমিটিকে (নিপক) দায়িত্ব দেওয়া হয়েছে। অনলাইন সভায় অংশ নেওয়া একাধিক শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন। ভার্চুয়াল ওই বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যক্ষ নেহাল আহমেদ।
এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য গঠিত কলেজের নিবিড় পর্যবেক্ষণ কমিটির প্রধান ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস দেশ রূপান্তরকে বলেন, ‘একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী হবে। তবে ঢাকা কলেজে শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা কলেজ কর্র্তৃপক্ষ নির্ধারণ করে দেবে।’ তিনি আরও বলেন, ‘একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। বিষয়টি নিয়ে নিপক দু-একদিনের মধ্যে আলাদা বৈঠক করবে। সামগ্রিক বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।’
