আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হতে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দ্বিতীয়বার লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন নাÑ বাংলাদেশ বার কাউন্সিলের এমন সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে রিট আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিমের ভার্চুয়াল বেঞ্চে আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আবেদনে ৩ হাজার ৫৯০ জন শিক্ষানবিস আইনজীবীর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চাওয়া হয়েছে। কার্যতালিকায় এলে চলতি সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে।
আবেদনে বলা হয়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর বার কাউন্সিল এক নোটিসে জানায়, পূর্বে যারা এমসিকিউ পরীক্ষায় পাস করেছে তাদের নতুন করে এমসিকিউ পরীক্ষা দিতে হবে না। কিন্তু গত ২৭ জুলাই বার কাউন্সিল বিজ্ঞপ্তি দিয়ে জানায়, এমসিকিউ উত্তীর্ণরা দ্বিতীয়বার লিখিত পরীক্ষার সুযোগ পাবেন না। আইনের দৃষ্টিতে এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে রিট আবেদনে বলা হয়, ওই বিজ্ঞপ্তিতে ২০১৯ সালের ১৯ ডিসেম্বর সংশোধিত বার কাউন্সিল রুলের ভুল ব্যাখ্যা করা হয়েছে। অবশ্যই দ্বিতীয়বার লিখিত পরীক্ষার সুযোগ বর্তমান পরীক্ষার্থীরা পাবেন। অবিলম্বে কার্যকর হওয়ার অর্থই হলো বর্তমান পরীক্ষার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বরের পরীক্ষায় অংশ নিতে পারবেন।
