করোনা মোকাবিলার তিন টোটকা— গোমূত্র, হনুমান চালিশা ও ভাবিজি পাঁপড়?… সোশ্যাল মিডিয়ায় এমন একটি মিম শেয়ার করে বিজেপির দিকে তোপ দাগলেন তৃণমূল সংসদ সদস্য তথা কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। বললেন, “হায় ভগবান! রক্ষা করো।”
মহামারি রুখতে ভ্যাকসিনের আশায় দিন গুনছে সারা বিশ্ব। এই পরিস্থিতিতে ভাইরাস তাড়াতে ‘হনুমান চালিশা’ পাঠের নিদান দিয়েছেন বিজেপির সংসদ সদস্য প্রজ্ঞা সিং ঠাকুর। তার দাওয়াই, দিনে পাঁচবার হনুমান চালিশা পাঠ করলেই নাকি কমবে দাপুটে ভাইরাসের প্রকোপ!
এ দিকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ দিন কয়েক আগে জনসমক্ষে দাবি করেন, “আমরা গোমূত্র খেয়ে ভালো থাকি, গাধারা এসব বুঝবে না!”
দিলীপের এই মন্তব্যের পর তুঙ্গে ওঠে ‘গোমূত্র’ বিতর্ক। কারণ মমতা বন্দোপাধ্যায় ও তার দলকে কটাক্ষ করে তিনি এও বলেছিলেন, “তোমরা বোতলের মদ খাও। আমরা গোমূত্র খেয়ে ভালো আছি।”
সাধ্বী প্রজ্ঞা ও দিলীপের দাওয়াইকে হাতিয়ার করেই এবার ময়দানে নামলেন নুসরাত জাহান। সঙ্গে আছে অর্জুন মেঘওয়ালের মন্তব্যের উত্তরও।
কয়েক দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন মেঘওয়াল ভাবিজি পাঁপড় খেয়ে করোনা তাড়ানোর পরামর্শ দেন। ‘ভাবিজি পাঁপড়’-এর উদ্বোধনের সময় তিনি বলেছিলেন, “এই পাঁপড় কভিড-১৯ মোকাবিলায় অত্যন্ত কার্যকরী।” সঙ্গে এও জানান, মোদি সরকারের আত্মনির্ভর অভিযানে শামিল হয়েই পাঁপড় বানিয়েছে ব্র্যান্ডটি।
এ দিকে সম্প্রতি নতুন সিনেমা ‘এসওএস কলকাতা’র শুটিং শুরু করেছেন নুসরাত জাহান। সঙ্গে আছে যশ ও মিমি চক্রবর্তী।
