রাজধানীর পশুরহাট তদারকিতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মনিটরিং টিম

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৪:১১ পিএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুরহাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিষয়াদি তদারকির জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গঠিত মনিটরিং টিম বুধভার থেকে কাজ শুরু করেছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

এতে বলা হয়, তদারকি কার্যক্রমের জন্য ইতোমধ্যে আটটি মনিটরিং টিম গঠন করেছে মন্ত্রণালয়। প্রত্যেক টিমে মন্ত্রণালয়ের একজন করে উপ-সচিবকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

অন্যদিকে কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আওতাধীন হাটসমূহে সকাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর গঠিত ১৮টি ভেটেরিনারি মেডিকেল টিম ও ১টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিম।

আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভেটেরিনারি মেডিকেল সেবা প্রদান করবে প্রাণিসম্পদ অধিদপ্তরের এ টিমসমূহ।

এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সারাদেশের কোরবানির পশুর হাটগুলোতেও কাজ শুরু করছে ভেটেরিনারি মেডিকেল টিম।

কোরবানির পশুর হাটে রোগাক্রান্ত ও কোরবানির অনুপযুক্ত গবাদিপশু বিক্রি বন্ধ করাসহ সুস্থ-সবল পশু বিক্রয় নিশ্চিত করা এবং গবাদিপশুর তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদানের জন্য এ ভেটেরিনারি মেডিকেল টিমসমূহ কাজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত