পাকিস্তানে ‘ধর্ম অবমাননার’ দায়ে আদালতেই গুলি করে হত্যা

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৭:২৪ পিএম

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে আদালত কক্ষের ভেতরে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে এ ঘটনা ঘটে।

আলজাজিরা জানায়, তাহির আহমেদ নাসিম নামে ওই ব্যক্তি নিজেকে ইসলামের নবী বলে দাবি করেছিলেন। এর পর ধর্ম অবমাননার দায়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

২০১৮ সাল থেকে নাসিম পুলিশের হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে ধর্ম অবমাননা আইনের পাকিস্তানি পেনেল কোডের ২৯৫-এ, ২৯৫-বি এবং ২৯৫-সি ধারায় অভিযোগ আনা হয়। 

পুলিশ কর্মকর্তা ইজাজ আহমেদ জানান, বুধবার জেলা আদালতে মামলার শুনানি চলাকালীন নাসিমকে গুলি করে হত্যা করা হয়। তাকে ছয়টি গুলি করা হয়।

তিনি বলেন, হামলাকারী এই হত্যার দায় স্বীকার করেছে। এই শাস্তিই নাসিমের প্রাপ্য ছিল বলে সে জানিয়েছে।
    
ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি হিসেবে দেশটিতে মৃত্যুদণ্ড দেয়ার বিধান রয়েছে। তবে ধর্ম অবমাননার অসংখ্যা অভিযোগ উঠলে এখন পর্যন্ত কাউকে মৃত্যুদণ্ড দেয়া হয়নি।

অভিযুক্তরা অধিকাংশ ক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। অনেক সময় উন্মত্ত জনতার হাতে নিহত হওয়ার ঘটে থাকে। 

১৯৯০ সাল থেকে পাকিস্তানে ৭৭ জন ব্যক্তি ধর্ম অবমাননার দায়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শুধু অভিযুক্ত ব্যক্তিই নন, তার পরিবারের সদস্য এমনকি আইনজীবীও নিহত হয়েছেন উন্মত্ত ব্যক্তি বা জনতার হাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত