হংকংয়ে নতুন চীনা আইন: প্রথম অভিযানে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী

আপডেট : ৩০ জুলাই ২০২০, ১০:৩৭ এএম

হংকংয়ের ওপর আরোপিত চীনের নতুন আইন প্রয়োগ হওয়া শুরু করেছে। এই আইনে প্রথম অভিযানে চার জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিবিসি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে 'উস্কানি দেয়ার' অভিযোগে এ চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় বলে হংকং পুলিশ নিশ্চিত করে।

জুলাইয়ের শুরুতে চীনা স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটিতে আরোপ হওয়া নতুন আইনটিতে এ প্রথম গ্রেপ্তারের ঘটনা ঘটল। 

স্টুডেন্ট লোকালিজম নামে হংকংয়ের স্বাধীনতাকামী একটি গোষ্ঠী জানায়, গ্রেপ্তারকৃতরা তাদের সদস্য। এর মধ্যে একজন সাবেক নেতা টনি চাংও আছে।

পুলিশ জানায়, তাদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। যাদের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে।

অঞ্চলটির পুলিশ বাহিনীতে যুক্ত হওয়া নতুন ন্যাশনাল সিকিউরিটি ইউনিটের কর্মকর্তা লি কেওয়াই-ওয়াহ বলেন, আমাদের সূত্র ও তদন্তে দেখা গেছে গোষ্ঠীটি সামাজিক যোগাযোগমাধ্যমে হংকংয়ের স্বাধীনতার দাবিতে একটি সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা করেছে।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের কম্পিউটার, ফোনসহ নানা ধরনের নথিপত্র জব্দ করা হয়েছে।

নতুন আইনটিতে হংকংয়ে বিচ্ছিন্নতাবাদ, কর্তৃপক্ষকে অবমাননা, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে বিদেশি বাহিনীর সঙ্গে আঁতাত নিষিদ্ধ করা হয়েছে এবং এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করা হয়েছে। 

১৯৯৭ সালের এই জুলাই মাসেই ব্রিটিশদের থেকে মুক্ত হয়ে চীনের অধীনে আসে হংকং। শহরটির নিয়ন্ত্রণ নেয়ার সময় চীন বেশ কিছু শর্ত দিয়েছিল। সেই শর্তের অধীনে হংকংবাসীর বেশ ‘স্বাধীনতা’ ছিল, অন্তত আন্দোলনের ক্ষেত্রে। চীনের সাধারণ মানুষও এতটা স্বাধীনতা পায়নি। নতুন আইনে সেই সুযোগ হারিয়েছে বলা চলে হংকংয়ের জনগণ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত