দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশসহ প্রায় ৬০ গ্রামে শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফ ও চন্দনাইশ জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও একদিন আগে পশু কোরবানি দেবেন।
জানা গেছে, সুফি সাধক মাওলানা মোখলেছুর রহমান (র.) ২০০ বছর আগে এ নিয়ম প্রবর্তন করেন। এরপর থেকে দরবারের মুরিদরা একদিন আগে থেকে রোজা রাখা ও ইদ উদযাপন করে আসছেন। ইতোমধ্যে ঈদুল আজহার নামাজ আদায় ও কোরবানির জন্য প্রস্তুতি শেষ করেছে দরবার শরীফ কর্তৃপক্ষ।
সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের সৈয়্যদ মাওলানা আবদুর রহমান শাহ জাহাঁগিরী ও চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবারের শাহজাদা মাওলানা মো. মতি মিয়া মনসুর জানান, আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদিনা শরীফে তথা আরব বিশ্বে চাঁদ দেখার সঙ্গে মিল রেখে সুফি সাধক মাওলানা মোখলেসুর রহমানের দেখানো পথ অনুসরণ করে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছি।
এ উপলক্ষে শুক্রবার দরবারের সাজ্জাদানশিন আল্লামা শাহসুফি সৈয়্যদ মো. আলীর ইমামতিতে ইদগাহ ময়দানে ইদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সাতকানিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ মাওলানা আবদুল হামিদ শাহ’র জাহাঁগিরী (নুরুল আরেফিন) ইমামতিতে মির্জাখীল দরবার শরীফে সকালে ও সাজ্জাদানশীন মাওলানা মাকসুদুর রহমানের ইমামতিতে একই দরবারে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরিফ ও সাতকানিয়া দরবার শরীফের অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের যেসব গ্রামে ঈদুল আজহা পালন করবেন সেগুলোর মধ্যে চন্দনাইশ পৌরসভার বুলার তালুক, হরিনার পাড়া, ফকির পাড়া, সর্বল কাজী বাড়ি, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারলা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারি, জামিজুরি, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞননগর, জুনিঘোনা, আব্বাসপাড়া, মাঝের পাড়া, দিঘির পাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, শ্রীমাই, রুপকানিয়া, জলদী, শুনাগরি, কালিপুর, গন্ডামারার, মিরিঞ্জিরতলা, ছনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরণদ্বীপ, খরণদ্বীপ, বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগড়, মনেয়াবাদসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ঈদুল আজহারের নামাজ আদায় করবেন শুক্রবার।
এ ছাড়া বোয়ালখালী, হাটাহাজারী, সন্দীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, নোয়াখালী, চাঁদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, বরিশাল, নরসিংদি, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলাসহ বিশ্বের বিভিন্ন স্থানে যেখানে মির্জাখীল ও জাহাঁগিরিয়া দরবার শরীফের অনুসারী রয়েছেন তারাও ঈদুল আজহার নামাজ আদায় এবং পশু কোরবানি দেবেন বলে জানা গেছে।
এছাড়াও এ বছর করোনা ভাইরাসজনিত কারণে সরকারের বেধে দেওয়া স্বাস্থ্যবিধি মানতে সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফ ও চন্দনাইশের জাঁহাগিরিয়া দরবার শরীফে ইদের নামাজে না যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে।
অনুসারীদের যার যার এলাকায় ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য বলা হয়েছে।
