মুজিব বর্ষে দিনাজপুরে পুলিশের ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০৭:২৬ পিএম

'মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার', 'সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ বঙ্গন্ধুর বাংলাদেশ'  স্লোগানে মুজিব বর্ষ উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে ২৬ ইউনিটে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর পুলিশ লাইনস মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা দিনাজপুরের ২৬ পুলিশের ইউনিটে ১ লাখ বৃক্ষরোপণ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে আজকে আমরা এই স্বাধীন দেশ পেতাম না। তিনি আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। যার জন্য আমরা বাংলায় স্বাধীনভাবে কথা বলতে পারি। এই মহান ব্যক্তির স্মরণে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছি। এ ছাড়া করোনায় সম্মুখ যোদ্ধা চিকিৎসক, পুলিশ ও সাংবাদিকরা আছেন। তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

করোনাকালে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটা পরিবারের কর্তা যদি করোনায় আক্রান্ত হন তাহলে সেই পরিবার কী চিন্তায় থাকে যাদের হয়েছে শুধু তারাই জানেন। দিনাজপুরবাসী এদিক থেকে অনেক সচেতন আছে বলেও মনে করি। 

তিনি বলেন, দিনাজপুরে মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজদের কোনো জায়গা হবে না। আমরা দিনাজপুরবাসীর জন্য কাজ করে যাচ্ছি। আশা করি দিনাজপুরের মানুষ সব কাজে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দিনাজপুরকে ভালো রাখবেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সুজন কুমার সরকার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারেস (বীরগঞ্জ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম (সদর হেডকোর্টার), সহকারি পুলিশ সুপার মিথুন সরকার (বিরামপুর সার্কেল) প্রমুখ। 

এ ছাড়া ১৩ থানার অফিসার ইনচার্জ ও পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত