বাংলাদেশের প্রয়াত সাতজন প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) প্রয়াত সাত সভাপতির নামে এবারের ঈদুল আজহায় দুটি গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটি। সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
প্রয়াত সাতজন প্রধান বিচারপতি হলেন বিচারপতি বদরুল হায়দার চৌধুরী (পঞ্চম), বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান (সপ্তম), বিচারপতি মোস্তফা কামাল (নবম), বিচারপতি লতিফুর রহমান (দশম), বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী (একাদশ), বিচারপতি মাইনুর রেজা চৌধুরী (দ্বাদশ) এবং বিচারপতি এম. এম. রুহুল আমিন (ষোড়শ)। সুপ্রিম কোর্ট বারের প্রয়াত সাতজন সাবেক সভাপতি হলেন, খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, সিরাজুল হক, শামসুল হক চৌধুরী, সৈয়দ ইশতিয়াক আহম্মেদ, কাজী গোলাম মাহবুব, শওকত আলী খান এবং মোহাম্মদ ওজায়ের ফারুক।
