প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা বিএসএমএমইউ’র

আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৬:২৭ এএম

গত ২৮ জুলাই মঙ্গলবার দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত ‘ব্যয় না করেই সাজলো বিল’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদারের পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল রিভিউ বোর্ড (আইআরবি) কমিটি উল্লেখ করে যে, শিক্ষকদের রিসার্চ গ্রান্টের জন্য প্রস্তাবিত ২২টি প্রকল্পের মধ্যে ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. শাহিনা তাবাসসুমের কোনো প্রকল্পের নাম প্রেরণ করা হয়নি। ডা. শাহিনা তাবাসসুমের প্রজেক্ট প্রোপোজালে পরিষ্কারভাবে উল্লেখ আছে উনার প্রকল্পের ফান্ডিং এজেন্সি (ইফ অ্যাপ্লিকেবল) গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কিন্তু প্রকল্পটি করোনাসংক্রান্ত হওয়ায় ভুলবশত শিক্ষকদের রিসার্চ গ্রান্ট মিটিংয়ে উত্থাপিত হয় এবং ভুলক্রমে উক্ত মিটিংয়ে প্রকল্পটির জন্য বাজেট বরাদ্দ হয়, যা পরবর্তীতে স্থগিত করা হয়। কারণ ডা. শাহিনা তাবাসসুম বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের কাছে প্রকল্পটির রিসার্চ গ্রান্টের জন্য কোনো আবেদনই করেননি।

প্রতিবাদলিপিতে প্রতিবেদনটি আদৌ সত্য নয় বলে উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের প্রতিবেদন পত্রিকায় প্রকাশ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতিবেদকের উত্তর : বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো প্রতিবাদলিপি মূলত বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের এক্সটার্নাল ভ্যালিডেশন প্রকল্পকে ঘিরে নিজেদের ভুল স্বীকার করে ওই প্রকল্পের একটি ব্যাখ্যা। এই প্রকল্পের জন্য রিসার্চ গ্রান্ট কমিটির সভায় অর্থ বরাদ্দ হওয়ার পর থেকে এ বরাদ্দ যে ঠিক হয়নি ও অসংগতিপূর্ণ তা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে চালাচালি হওয়া চিঠিতে উঠে এসেছে। তবে ভুলবশত এই প্রকল্পের নাম যে অর্থ বরাদ্দের তালিকার ১৪ নম্বরে লিপিবদ্ধ হয়েছে, তা এসব চিঠির কোথাও উল্লেখ নেই। এমনকি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) আপত্তি ওঠার কারণে বরাদ্দ স্থগিত করা হয়েছে বলে এই প্রতিবেদককে জানিয়েছেন।

এ প্রতিবেদক এই প্রতিবেদনের ব্যাপারে কথা বলার জন্য গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া ও ভাইরোলজি বিভাগের ডা. শাহিনা তাবাসসুমকে বেশ কয়েকবার ফোন করলেও তারা ফোন রিসিভ করেননি ও খুদেবার্তা পাঠালে তারও কোনো উত্তর দেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত