ঢাকা- আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দীর্ঘ যানজট

আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৩:২০ পিএম

পাটুরিয়া ফেরিঘাট ও ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকেই ঈদে ঘরমুখো যাত্রী আর যানবাহনের উপচেপড়া ভিড় লেগেছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত একই অবস্থা বিরাজ করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো হাজারো যাত্রী।

বিআইডব্লিউটিসি ও মানিকগঞ্জ পুলিশ বিভাগের দাবি, অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এছাড়া যানবাহনের অস্বাভাবিক চাপের কারণে বৃহস্পতিবার মধ্য রাত থেকে পাটুরিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন,  বৃহস্পতিবার দিনভর পাটুরিয়া ফেরিঘাট এলাকা ও ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। কিন্তু সন্ধ্যার পর থেকে ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়া ঘাট এলাকায় ঘরমুখো মানুষ ও যাত্রীবাহী বাসের চাপ অস্বাভাবিক হারে বেড়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে।

যশোরগামী যাত্রী মান্নান বলেন, প্রতি বছর যে শৃঙ্খলা ছিল এ নৌরুটে, সেটার প্রচণ্ড অভাব দেখতে পারছি। কর্তৃপক্ষের অবহেলার কারণেই মূলত এই যানজটের অবস্থা। ১১-১২ ঘণ্টা ধরে ঘাট এলাকায় বসে আছি।

এদিকে ফেরিঘাট এলাকায় এই সময় তিন ঘণ্টা ফেরিতে যানবাহন পারাপার বন্ধ থাকায় ঢাকা-আরিচা মহাসড়কে শুক্রবার ভোর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

পাটুরিয়া ঘাট থেকে মানিকগঞ্জের তরা সেতু পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজট এখন প্রায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর অবস্থা তৈরি হয়েছে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাসুদেব সিনহা বলেন, অতিরিক্ত গাড়ির চাপের কারণেই ঢাকা আরিচা মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে পাটুরিয়া থেকে তরা পর্যন্ত যানজট থাকলেও তা বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যাবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তীব্র স্রোত ও অতিরিক্ত যানবাহন, যাত্রীদের চাপে আমাদের ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত