বাগেরহাটে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০১ আগস্ট ২০২০, ০২:৩৯ পিএম

বাগেরহাটের ফকিরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। পুলিশ বাস ও এর চালককে আটক করেছে।

শনিবার দুপুর পৌনে একটায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের আবুল হাসানের ছেলে রুহুল আমিন (২৮) ও চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মুজিবর (২৯)।

পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, বাসটি ও তার চালককে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ দিয়ে যানজট দূর করা হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। এই মোটরসাইকেল আরোহীরা বাগেরহাট থেকে খুলনায় যাচ্ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত