মাদকমুক্ত পুলিশ গড়তে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি: আইজিপি

আপডেট : ০১ আগস্ট ২০২০, ০৩:৩০ পিএম

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী বাংলা‌দেশ‌কে দুর্নী‌তিমুক্ত, মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদকমুক্ত দেশ গড়তে বাংলাদেশ পুলিশকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত করতে শূন্য সহিষ্ণুতার (জিরো টলারেন্স) নীতিতে কাজ করছি।’

শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে পুলিশ অফিসার ও ফোর্সের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশের কোনো সদস্য মাদক গ্রহণ কর‌বে না, মাদক ব্যবসার সঙ্গে জড়িত হবে না, মাদকের সাথে সম্পর্ক রাখবে না। পুলিশ হবে মাদকমুক্ত। আমরা বাংলাদেশকে ‘মাদকমুক্ত’ কর‌তে চাই।’

পুলিশ প্রধান বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। আমরা জনগণের সাথে জনগণের পুলিশ হয়ে থাকতে চাই।

আইজিপি বলেন, পুলিশকে শারীরিক শক্তি ব্যবহার না করে আইনি সক্ষমতা প্রয়োগ ও মান‌বিক মূল্য‌বো‌ধে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন কর‌তে হ‌বে।

বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা, আইনি ও নিরাপত্তা সেবা প্রদানে পুলিশের অনন্য অবদানের প্রসঙ্গ তুলে ধরে আইজিপি বলেন, গত তিন মাসে পুলিশ জনগণের কল্যা‌ণে অভূতপূর্ব নজির স্থাপন করেছে। পুলিশ মানুষের বিশ্বাস, সম্মান ও আস্থা অর্জন করেছে। পুলিশকে তাদের হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছে। মানুষকে ভালোবাসলে মানুষের ভালোবাসা পাওয়া যায়।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত আধুনিক দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছেন। ২০৪১ আসতে মাত্র ২১ বছর বাকি রয়েছে। আমরা এ সময়ের মধ্যেই উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি।

আইজিপি করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত