চিকিৎসকের অনুমতি নিয়ে বাসায় ঈদ করলেন জোবাইদার বোন

আপডেট : ০১ আগস্ট ২০২০, ১১:২৩ পিএম

হাসপাতালে ২১ দিন চিকিৎসা নিয়ে ঈদ উদযাপন করতে দুই দিনের জন্য বাসায় ফিরেছেন করোনা আক্রান্ত শাহীনা জামান বিন্দু। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের বড় বোন। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি সমর্থক এক চিকিৎসক।

ওই চিকিৎসক বলেন, তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর কয়েকদিন বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর আবার তার করোনা পরীক্ষা করালে নেগেটিভ আসে। তবে দ্বিতীয় দফা টেস্ট করালে আবার পজেটিভ আসে। এরই মধ্যে কোরবানীর ঈদ আসলে চিকিৎসকরা তাকে দুইদিনের জন্য বাসায় ফেরার অনুমতি দেন। আবার ৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি হতে হবে।

চিকিৎসক বলেন, লন্ডন থেকে সব সময় চিকিৎসার খোঁজখবর রেখেছেন ডা. জোবাইদা রহমান। তার বড় বোন শাহীনা জামানের চিকিৎসায় জড়িত সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জোবাইদা রহমান। করোনাকালীন এই সময়ে দেশের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন তিনি। 

তিতনি বলেন, একইসঙ্গে দেশবাসী যাতে করোনাভাইরাস থেকে মুক্ত থেকে ঈদ উদযাপন করতে পারে সে জন্য দোয়াও করেছেন জোবাইদা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত