বিচারবহির্ভূত হত্যা তীব্র আকার ধারণ করছে: রিজভী

আপডেট : ০৩ আগস্ট ২০২০, ০৫:৩৫ পিএম

বিচারবহির্ভূত হত্যা তীব্র আকার ধারণ করছে করেছে বলে মন্ব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বগুড়া শহর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য ওমর ফারুক ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকতের স্ত্রী দিলরুবা শাহিন ক্যান্সার ও কারোনায় আক্রান্ত হয়ে মারা যান। তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে আজ সোমবার তিনি এসব বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বলে তিনি জানান।

রিজভী বলেন, অমানবিক ও নির্দয় সরকার থাকার কারণে বিচারবহির্ভূত হত্যা তীব্র আকার ধারণ করছে। মানুষের জানমালের নিরাপত্তা নাই। প্রাকৃতিক মহামারী করোনার আঘাতে জীবন আরো দুর্বিষহ আকার ধারণ করছে। কারণ যারা দিনের ভোট রাতে করে, ভোটকেন্দ্রে মানুষকে আসতে দেয় না, গণতন্ত্রিক অধিকার কেড়ে নেয় তাদের পক্ষে এটাই সম্ভব। মানুষের মৃত্যু ও লাশের ওপর দিয়ে তারা রাজত্ব কায়েম করতে চায়। আজকে গোটা দেশ গোরস্থানে পরিণত হয়েছে। এরকম অরাজক পরিস্থিতি চলতে পারে না।

চামড়া শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে রিজভী বলেন, কুরবানীর চামড়া মানুষ এতিমখানায় দেয়। এই চামড়া বিক্রি করে এতিমদের খরচ চালানো হয়। আজকে এতিমদের হক মারা হয়েছে। চামড়ার কোনো মূল্য নাই। পথে-ঘাটে চামড়া ফেলে দেওয়া হচ্ছে। চামড়া শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরকম অরাজকতা নৈরাজ্যের মধ্যে দেশ চলছে। ব্যর্থ সরকারের পতন না হলে মানুষের মুক্তি মিলবে না। তাই মানুষের জানমালের নিরাপত্তা জন্য সবার উচিত ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারের পতন ঘটান।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সরকারি ব্যর্থতার কারণে সুচিকিৎসা মানুষ পাচ্ছে না। সুচিকিৎসা না পাওয়ায় ফারুকের মতো তরুণ নেতা, দিলরুবা মতো নারীনেত্রী অকালে প্রাণ হারাল। আমি মনে করি, চারদিকে অন্যায়-অরাজক পরিস্থিতির কারণে সাধারণ মানুষসহ বিএনপির অনেক নেতাকর্মী মারা গেছেন। হাসপাতালে সিট নেই, অক্সিজেন নেই, ভেন্টিলেটর নেই- তাহলে সরকার কী দিয়ে করোনা মোকাবিলা করছে। করোনা মোকাবিলায় সরকার অত্যন্ত নির্লজ্জভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত