বাংলাদেশ থেকে ফিরে আইসোলেশন সেন্টারে প্রথম জন্মদিন

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০১:৫৩ পিএম

নিউজিল্যান্ড প্রবাসী এক দম্পতি তাদের ছেলেকে নিয়ে ৬ মাস আগে বাংলাদেশে এসেছিলেন। এরপর আটকা পড়েন লকডাউনে। দাদা-দাদির সঙ্গে পরিচিত হতে আসা জায়ান ততদিনে প্রথম জন্মদিনের কাছে পৌঁছাতে থাকে। তার জীবনের এই স্মরণীয় দিন শেষ পর্যন্ত উদ্‌যাপিত হয়েছে হ্যামিল্টনের একটি আইসোলেশন সেন্টারে।

মা-বাবার সঙ্গে গত মাসে বিশেষ ফ্লাইটে নিউজিল্যান্ডে ফেরে জায়ান। সরকারি নিয়ম অনুযায়ী তাদের ঠিকানা হয় ইবিস হ্যামিল্টন তাইনুই হোটেলে। হোটেল কর্তৃপক্ষ জন্মদিনের কথা জানতে পেরে ছোটখাটো পার্টির ব্যবস্থা করে।

নিউজিল্যান্ডের স্থানীয় গণমাধ্যমে জায়ানের এমন জন্মদিন নিয়ে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। এই প্রজন্মের নতুন বাসিন্দারা কেমন অভিজ্ঞতার ভেতর দিয়ে বড় হবে, আলোচনা চলছে সেটি নিয়ে।

১৪ দিনের আইসোলেশনের একদম শেষ দিন (সোমবার) জায়ানের জন্মদিন ছিল। তাই আগে যারা হোটেল ছেড়েছেন তাদেরও আমন্ত্রণ জানানো হয়। স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত বিধি নিষেধ মেনে অতিথিরা জায়ানকে শুভকামনা জানাতে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত