নরসিংদীতে দেশীয় তৈরি বন্দুক ও গুলিসহ শাহ পরান (৩২) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের দত্তপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত শাহপরান নরসিংদী শহরের পশ্চিম দত্তপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার খুনি শাহ পরানের নামে খুন, অস্ত্র, ডাকাতি প্রস্তুতি, চাঁদাবাজি ও মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
দীর্ঘদিন ধরে পুলিশের একাধিক টিম তাকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছিল। নরসিংদী শহরের বেপারীপাড়া, দত্তপাড়া, শ্বশ্মানঘাট, কাউরিয়াপাড়া এলাকায় তার ছত্রছায়ায় একাধিক মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দল বেআইনি কার্যকলাপ সংঘটিত করে আসছে।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার উপ পরিদর্শক অনুপ কুমার ধরের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের দত্তপাড়া বেড়িবাঁধ এলাকা হতে শাহ পরানকে গ্রেপ্তার করেন।
পরে পুলিশী জিজ্ঞাসাবাদে শাহ পরান তার নিকট একটি অবৈধ অস্ত্র আছে বলে স্বীকার করে। শাহ পরানের দেয়া তথ্যমতে মঙ্গলবার কাউরিয়াপাড়াস্থ নতুন লঞ্চঘাট সংলগ্ন আবহাওয়া অফিসের পেছনে আলীজান জুট মিলস্ ও আবহাওয়া অফিসের বাউন্ডারি সংযোগ স্থানে মাটির নিচ হতে পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে ইতোপূর্বে ১টি হত্যা মামলা, ১টি অস্ত্র মামলা, ১টি ডাকাতি মামলা, ১টি চাঁদাবাজি মামলা, ২টি মাদক মামলা, ১টি অন্যান্যসহ মোট ৭টি মামলা রয়েছে।
