বঙ্গবন্ধু স্মরণে শিল্পকলায় ‘শতাব্দীর মহানায়ক’

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৬:৫৩ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শতাব্দীর মহানায়ক’ শীর্ষক অনলাইনভিত্তিক মাসব্যাপী অনুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে।

গত রবিবার বিকেল ৫টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনলাইন প্লাটফর্ম জুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে শিল্পকলা একাডেমির এই আয়োজনের সফলতা কামনা করি। করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠান করতে হচ্ছে। এটা আমাদের জন্য বেদনার।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অংশ নিয়েছেন সাবেক সংসদ সদস্য ও চলচ্চিত্র অভিনেত্রী কবরী সারোয়ার, আবৃত্তি শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আশরাফুল আলম, কণ্ঠশিল্পী সাজেদ আকবর, মিতা হক, জিয়াউল হক (আমেরিকা), সৈকত মিত্র (অতিথি শিল্পী, কলকাতা), ওলগা রায় (অতিথি শিল্পী, রাশিয়া), তেরা মালুফ (অতিথি শিল্পী, লেবানন), যন্ত্রশিল্পী (বাঁশি) মর্তুজা কবির মুরাদ, কণ্ঠশিল্পী ফকির শাহাবুদ্দিন, অনুপমা মুক্তি এবং কণ্ঠশিল্পী ইয়াসমীন আলী, রুখসানা আক্তার রূপসা, শিশুশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা।

উদ্বোধনী আয়োজনে অতিথিরা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোচনা করেন এবং শিল্পীরা সংগীত, যন্ত্রসংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আবৃত্তি শিল্পী ডালিয়া আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত