চুক্তিবদ্ধ হয়েও শিডিউল জটিলতায় করা হয়নি ‘বেদের মেয়ে জোসনা’

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১১:৪৬ এএম

বাংলাদেশের শীর্ষ আয়ের সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’য় নায়ক হিসেবে ইলিয়াস কাঞ্চনকে দেখা গেলেও প্রথমে চুক্তিবদ্ধ হয়েছিলেন সদ্য প্রয়াত আবদুস সাত্তার। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ব্যস্ত শিডিউলের জন্য তিনি সময় দিতে পারেননি।

সাত্তার বলেছিলেন, “বেদের মেয়ে জোসনা’র প্রথম নায়ক আমি ছিলাম। আমাকে সাইনিং মানিও দেওয়া হয়েছিল। শুটিংও শুরু হয়েছিল।”

আরও বলেন, “শুটিং-এ গিয়ে দেখি পাশে আরেকটা ছবির শুটিং চলছে। জানতে চাইলাম কোন ছবি? একজন বলল ‘বেদের মেয়ে জোসনা’র। বললাম, নায়ক তো আমি। বললেন, ‘আপনি বাদ ইলিয়াস কাঞ্চন ইন হয়েছে।’ খুব কষ্ট পেয়েছিলাম। প্রযোজক মতিউর রহমান পানু বললেন, ‘আপনার তো শিডিউল টাইট, তাই কাঞ্চনকে নেওয়া হয়েছে। আমি দ্রুত ছবিটা করতে চাই।’ কাঞ্চন সাহেব আমার সিনিয়র, তারই বা কী দোষ -তাকে তারা শিডিউলে পেয়েছিল তাই নিয়েছিল। ছবিটা মুক্তির পর ইতিহাস তৈরি করেছে দেখে ভালো লেগেছে। কাঞ্চন সাহেবকে আমি শ্রদ্ধা করি, উনি আমার চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন।”

আশির দশকের জনপ্রিয় এ নায়ক সাত্তার মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর গ্রীন সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তার বয়স হয়েছিল ৭২ বছর।

২০১৮ সাল থেকে সাত্তার শয্যাশায়ী। কয়েক বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা দিয়েছিলেন। সেই টাকায় তার চিকিৎসা এবং সংসার চলত।

সাত্তার রঙিন রাখাল বন্ধু, রঙিন রূপবান, সাত ভাই চম্পা, আলোমতি প্রেম কুমার, মধুমালা মদন কুমার, সাগর কন্যা, শীষ মহল, ঘর ভাঙ্গা সংসার, জেলের মেয়ে রোশনী, ঝড় তুফানসহ ১১০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। তার নায়িকাদের মধ্যে ছিলেন শাবানা, রোজিনা, অঞ্জু ঘোষ, জিনাত, কবিতা, অলিভিয়া, রানীসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত