ঢাকার কেরানীগঞ্জের ভাগনা এলাকার একটি টিনশেড বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মা বিলকিস বেগম (৬০) ও ছেলে স্বপন (৩৫)।
বুধবার বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের বিকেল ৪টায় মৃত ঘোষণা করেন।
মৃত স্বপনের ভগ্নিপতি মো. সোহেল জানান, স্বপন কদমতলী এলাকায় একটি ভাঙ্গারির দোকানে কাজ করে। এক সন্তান ও স্ত্রী, মা-বাবাকে নিয়ে থাকে ভাগনা কয়েল ফ্যাক্টরি এলাকায়। তার বাবার নাম আশরাফ সরদার। বন্যায় তাদের টিনশেড বাড়িতেও পানি উঠে গেছে। দুপুরে মা আর ছেলে তাদের রুমের ফ্রিজ চৌকির ওপর উঠিয়ে রাখে। সেই ফ্রিজ থেকে টিনের ঘরেও বিদ্যুতায়িত হয়ে ছিল। টিন থেকেই তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। পরে খবর পেয়ে আমি তাদেরকে হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আ. খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানায় বিষয়টি জানানো হয়েছে।
