মোটরসাইকেলে বোমা সন্দেহে পুলিশ ঘিরে রেখেছে এলাকা

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০১:৩১ এএম

সিলেট নগরীর চৌহাট্টা মোড়ে একটি মোটরসাইকেলে বোমা রয়েছে এমন সন্দেহে ওই এলাকাকে ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার সন্ধ্যা থেকে রাত ১২ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত সেখানে র‌্যাব-পুলিশ মোতায়েন রয়েছে। ওই এলাকায় যানবাহনসহ সবধরণের চলাচল বন্ধ রয়েছে।

রাত পৌনে ১২টায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার জানান, বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ হয়েছে। ঢাকা থেকে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল আসবে। তারা আসার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।    

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের চৌহাট্টা মোড়ে ১টি মোটরসাইকেলে বোমার মতো বস্তু দেখে ওই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। হঠাৎ করে এমন সংবাদ পেয়ে পুলিশের ১টি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ এ সময় বোমার মতো বস্তু দেখে যোগাযোগ করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সাথে। নিরাপত্তার বিষয়টি চিন্তা করে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়কের যান চলাচল। 

সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ‘বোমার মতো ১টি ডিভাইস থাকায় ওই এলাকা জনগণের নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখা হয়েছে। নিষ্ক্রিয়কারী টিম আসলে বোমা না গ্রেনেড জানা যাবে। পরে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হবে’। 

ওসি আরও বলেন, জঙ্গিগোষ্ঠী হামলা চালাতে পারে এমন শঙ্কায় পুলিশ সারাদেশের মতো সিলেটেও তৎপর রয়েছে।’

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের বড় টিম রয়েছে। র‌্যাব সদস্যরাও আছেন। জনস্বার্থে এই এলাকাজুড়ে আমরা নিরাপত্তা জোরদার করেছি। এই বোমা সদৃশ ডিভাইসটি উদ্ধারের পরে বুঝা যাবে আসলে বিষয়টি কি’।

তিনি জানান, সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ টিম আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত