নৌকাডুবিতে তিন পরিবারের ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৮:২৫ এএম

নৌকাডুবে হবিগঞ্জের বানিয়াচঙ্গে বাবা-ছেলেসহ তিনজন, সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই বোন এবং সুনামগঞ্জের ধর্মপাশায় মা মারা গেছেন। ধর্মপাশার ঘটনায় নিখোঁজ রয়েছেন ছেলে। প্রতিনিধিদের পাঠানো খবর :

হবিগঞ্জ : বানিয়াচঙ্গের একটি হাওরে নৌকা ডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতপুর পাঁচকেরির হাওর থেকে মরদেহ দুটি উদ্ধার করেন স্থানীয়রা। এ নিয়ে নৌকাডুবিতে তিনজনের মৃত্যু হল। তারা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হুকড়া গ্রামের আলী নূর (৩৮), তার ছেলে খোকন (৭) ও দোলন আক্তার (২৮)।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ছোট একটি ইঞ্জিনচালিত নৌকায় শিবপাশা থেকে রহমতপুর যাওয়ার পথে বিকেলে পাঁচকেরির হাওরে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা এসময় ২-৩ জনকে উদ্ধার করলেও তিন জন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দোলন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত খুঁজেও পাওয়া যায়নি দোলন আক্তারের ভাই আলী নূর ও ভাতিজা খোকনকে। পরে গতকাল বুধবার সকালে স্থানীয়রা হাওরে বাবা-ছেলের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সুনামগঞ্জ : ধর্মপাশা উপজেলার পাইকুরাটির গুমাই নদীতে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ মা কাজলা বেগমের (৪০) মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ছেলে কাঞ্চন মিয়া (১৭)। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। মারা যাওয়া মা ও নিখোঁজ ছেলের বাড়ি উপজেলার পাইকুরাটির ইউনিয়নের ভাটগাঁওয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পাইকুরাটি গ্রামের গুমাই নদীতে সকাল ১০টার দিকে মা ও ছেলেসহ আরও কয়েকজন নদীর পাড়ে ছোট নৌকায় করে কচুর লতা সংগ্রহে যান। এসময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

ধর্মপাশা থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাঞ্চনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

সিরাজগঞ্জ : শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বেল্লাল হোসেনের দুই মেয়ে গতকাল বুধবার দুপুরে নৌকাডুবে মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৫ জন। নিহতরা হল জয়নব খাতুন শিখা (৫) ও বিথি আক্তার বাসনা (৩)।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, দুপুরে জগন্নাথপুর গ্রামের ২৫-৩০ জন নারী, পুরুষ ও শিশু ইঞ্জিনচালিত শ্যালো নৌকায় করে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের এক কবিরাজ বাড়ি যাওয়ার পথে কুমার ব্রীজের কাছে পৌঁছালে ঝড়ো বাতাসে উল্টে ডুবে যায়। এ সময় আশপাশের লোকজন নৌকা নিয়ে এসে তাদের উদ্ধার করেন। তবে ওই দুই শিশু নৌকায় আটকে পড়ে মারা যায়। পরে নৌকাটি উদ্ধার করার পর শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত