কক্সবাজারের টেকনাফ থানার প্রত্যাহার হওয়া অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশকে হেফাজতে নেওয়ার পর কক্সবাজার নিয়ে যাচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।
তিনি বলেন, ‘প্রদীপ কুমার দাশ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। সেখান থেকে আমরা তাকে হেফাজতে নিয়েছি।’
সিএমপি কমিশনার বলেন, ‘এখন তাকে কক্সবাজার আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তাকে সিএমপির হাতে গ্রেপ্তার কিংবা আটক বলা যাবে না।’
প্রসঙ্গত, কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদের নিহতের ঘটনায় তার বড় বোনের দায়ের করা মামলায় দুই নম্বর আসামি প্রদীপ কুমার দাশ।
আদালতে মামলা হওয়ার পর বুধবার রাতে তাকে টেকনাফ থানার ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থানার প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে কড়া পুলিশ প্রহরায় কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছে। দুপুর আড়াইটায় পুলিশের ওই গাড়িবহর পটিয়া অতিক্রম করছে। প্রদীপ কুমার দাশ কক্সবাজার আদালতে আত্মসমর্পণ করবেন।
