কাশ্মীর ইস্যুতে আবারও নিরাপত্তা পরিষদে বৈঠক

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৮:৩৫ এএম

জাতিসংঘের প্রভাবশালী নিরাপত্তা পরিষদে আবারও আলোচিত হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ইস্যু। পাকিস্তানের অনুরোধে গত বুধবার রুদ্ধদ্বার এই আলোচনা অনুষ্ঠিত হয়। তবে আলোচনা শেষে পরিষদের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি কিংবা কোনো পদক্ষেপও নেওয়া হয়নি। এই নিয়ে এক বছরের মধ্যে ইস্যুটি তৃতীয়বারের মতো নিরাপত্তা পরিষদে আলোচিত হলো। বৈঠকের পর পাকিস্তান পরিষদকে ধন্যবাদ জানালেও একে ইসলামাবাদের আরেকটি ব্যর্থতা আখ্যা দিয়েছেন ভারতীয় দূত।

এক বছরেরও বেশি সময় ধরে কঠোর নজরদারির মধ্যে দিন কাটছে কাশ্মীরের বাসিন্দাদের। কঠোর নিরাপত্তা আর নজিরবিহীন নজরদারির মধ্য দিয়ে গত বছরের ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে মোদি সরকার। এর মাধ্যমে কাশ্মীরীদের বিশেষ সুবিধাও বাতিল হয়ে যায়। অঞ্চলটিকে দু’ভাগ করে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়।  বুধবার নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুতে আলোচনা শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি একে তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়েছেন। তিনি  বলেন, ‘জম্মু কাশ্মীরকে জোরালোভাবে আন্তর্জাতিক বিরোধ বিবেচনায় নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচিত হয়েছে এবং আরও একবার ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে দাবিকে বাতিল করে দিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত