স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথকে অবিলম্বে মুক্তি এবং মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন চলচ্চিত্রকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এ দাবি জানিয়েছে স্টামফোর্ড ফিল্ম স্টুডেন্ট সিনে ফোরাম, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রাক্তনী সংসদ এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। এর আগের দিন বৃহস্পতিবারও প্রেস ক্লাবের সামনে একই দাবি তুলে ধরে মানববন্ধন করেছে তারা।
মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন গতকাল মানববন্ধনে বলেন, ‘শিপ্রা ও সিফাতকে যে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এটা পরিষ্কার। এ দুই তরুণকে থানাহাজতে আটকে রাখা আমাদের চলচ্চিত্র শিল্পে একটা নেতিবাচক বার্তা দিচ্ছে। ভবিষ্যতে যে তরুণরা চলচ্চিত্র শিল্পে কাজ করতে আসবে, তারা ভয়াবহ নেতিবাচক একটা বার্তা নিয়ে আতঙ্কিত হবে। আমরা চাই, সিফাত ও শিপ্রার বিরুদ্ধে আনা মিথ্যা ও বানোয়াট অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া হোক।’
এছাড়া বক্তব্য দেন জুনায়েদ সাকী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, এম রাশেদ চৌধুরী, স্টামফোর্ড বিশ^বিদ্যালয়ের শিক্ষক সাকিরা পারভীন, শতাব্দী ভব, কার্টুনিস্ট মোরশেদ মিশু, ফ্রাইডে থিয়েটারের নিকুল কুমার মন্ডল এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
