সোমবার দুই হাসপাতালে ফুটবলারদের করোনা পরীক্ষা

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৩:০৪ এএম

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ক্যাম্পের আগে ফুটবলারদের কভিড-১৯ পরীক্ষা করাতে গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পড়েছে বিড়ম্বনায়। এ অবস্থায় ফুটবলার ও অফিশিয়ালদের আরো দুই হাসপাতালে করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা।

শনিবার পর্যন্ত তিন ধাপে মোট ৩০ ফুটবলারের করোনা পরীক্ষা করানো হয়েছে। যাদের ১৮ জনের ফলই পজিটিভ এসেছে। সবার পরীক্ষাই করানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। অনেকের প্রথমে নেগেটিভ রিপোর্ট দিলেও পরে পজিটিভ হওয়ার কথা জানানো হয়।

সবমিলে অনেকের মধ্যেই তৈরি হয়েছে সংশয়। বিশেষ করে আক্রান্ত বেশিরভাগেরই কোনো উপসর্গ নেই। তা ছাড়া সবাই একবার করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়েই বাফুফের অধীনে দ্বিতীয় দফায় পরীক্ষা করিয়েছিলেন।

শনিবার এক সংবাদ সম্মেলনে বাফুফে জানিয়েছে, নতুন করে দুই হাসপাতালে সবার কভিড-১৯ পরীক্ষা করানো হবে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘সবকিছু নিশ্চিত হতে সোমবার দুই প্রতিষ্ঠানে ক্যাম্পের সবার দুইবার নমুনা পরীক্ষা করানো হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা দুই প্রতিষ্ঠানে যোগাযোগ করেছি। সেখানেই টেস্ট করা হবে। যার দুটো পজিটিভ আসবে সে কনফার্ম পজিটিভ, যার নেগেটিভ আসবে কনফার্ম নেগেটিভ। যার একটা করে পজিটিভ বা নেগেটিভ আসবে, তাকে কয়েক দিন পর আবারো টেস্ট করানো হবে।’

প্রাথমিক ক্যাম্পের স্কোয়াডে থাকা ৩৬ জনের মধ্যে ৩১ ফুটবলারের গত ৫ আগস্ট থেকে তিন ধাপে গাজীপুরের সারাহ রিসোর্টের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। ক্যাম্পে যোগ দেওয়ার আগে বাফুফের ব্যবস্থাপনায় সবার করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার শর্ত ছিল।

বুধ ও বৃহস্পতিবার প্রথম দুই ধাপে ২৪ ফুটবলারের মধ্যে ১৮ জনেরই করোনা পজিটিভ আসে। একজনের (বিশ্বনাথ ঘোষ) অবশ্য নিজস্ব ব্যবস্থাপনায় করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। শনিবার তৃতীয় ও শেষ ধাপে ৬ ফুটবলারের সবার নেগেটিভ রিপোর্ট এসেছে।

তবে বুধবার প্রথম ধাপে ১২ ফুটবলারের মধ্যে ৪ জনের করোনা পজিটিভ জানা গিয়েছিল। কিন্তু শুক্রবার জানানো হয়, যে ৮ ফুটবলার করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে ক্যাম্পে উঠেছিলেন তাদের ৭ জনেরই পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে পরীক্ষা করানো আরো ১২ ফুটবলারে মধ্যে প্রথমে ৫ জনেরই কভিড-১৯ পজিটিভ আসার খবর দেওয়া হয়। পরে সংশোধিত রিপোর্টে আরো ২ জনের পজিটিভ আসে।

অথচ নিজস্ব ব্যবস্থাপনা এই ফুটবলারদের বেশির ভাগই করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে বাফুফের ক্যাম্পে এসেছিলেন। বিশ্বনাথ ঘোষ নিজস্ব ব্যবস্থায় দুইবার কভিড-১৯ পরীক্ষা করিয়ে পেয়েছেন দুই রকম ফল। সব মিলে ফুটবলারদের করোনা পরীক্ষা নিয়ে একটা হ-য-ব-র-ল অবস্থা।

তাই নিশ্চিত হতে সবার আরো দুই হাসপাতালে পরীক্ষার উদ্যোগ বাফুফের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত