করোনাকালীন এই সময়ে আগামী ২৫ আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ চলবে। আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান চেম্বার আদালতে মামলার শুনানি গ্রহণ করবেন। এ বিষয়ে গতকাল শনিবার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদালত কর্র্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনয়নপূর্বক গত ৩১ মে বিজ্ঞপ্তি প্রচার করা হয়। বিচারপতি মো. নূরুজ্জামান আগামী ১২, ১৮ ও ২৫ আগস্ট বেলা ১১টা ৩০ মিনিট থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
