স্বেচ্ছাসেবী কাজের জন্য কানাডায় পুরস্কৃত সাদিয়া

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১২:৩৫ পিএম

কানাডার সাসকাচুয়ান প্রদেশের সাদিয়া রহমান স্বাতী ইমিগ্রেশন অ্যান্ড সেটেলমেন্ট টিমের পক্ষ থেকে ‘কানাডাস ভলান্টিয়ার অ্যাওয়ার্ডস ২০১৯’ (সিভিএএস) পুরস্কারে ভূষিত হয়েছেন।

দেশটির ফ্যামিলিস, চিলড্রেন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রী আহমেদ হুসেন সম্প্রতি এই পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন।

প্রতি বছর কানাডার পাঁচটি অঞ্চল থেকে একজন করে প্রার্থী চারটি ক্যাটাগরিতে আঞ্চলিক পুরস্কারের জন্য মনোনীত হন। ক্যাটাগরিগুলো হলো- কমিউনিটি লিডার, ইমার্জেন্সি লিডার, বিজনেস লিডার ও সোশ্যাল ইনোভেটর। সাদিয়া প্রেইরি অঞ্চল (অ্যালবার্টা, সাসকাচুয়ান ও ম্যানিটোবা) থেকে ‘কমিউনিটি লিডার’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।

ইমিগ্রেশন অ্যান্ড সেটেলমেন্ট প্ল্যাটফর্মের জন্মলগ্ন থেকে আছেন সাদিয়া। দলটি কানাডায় অভিবাসনে শুধু তথ্যগত সাহায্য করেছে তা-ই নয়, বরং নতুন অভিবাসীদের সেটেলমেন্ট নিয়েও দিক নির্দেশনা দিচ্ছে।

অলাভজনক ও স্বেচ্ছাসেবী দ্বারা পরিচালিত ইমিগ্রেশন অ্যান্ড সেটেলমেন্ট ওয়েবসাইট (immigrationandsettlement.org) এবং সোশ্যাল মিডিয়ার শক্তিকে কাজে লাগাচ্ছে। যা বাংলাভাষী অভিবাসন প্রত্যাশীদের নানাভাবে সাহায্য করছে।

কডিভ-১৯ পরিস্থিতির কারণে চলতি বছর পুরস্কারের আসর স্থগিত করা হয়েছে। ২০২১ সালের গ্রীষ্মে সাদিয়া রাজধানী অটোয়ায় গিয়ে ইমিগ্রেশন অ্যান্ড সেটেলমেন্ট টিমের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন।

বাংলাদেশি বংশোদ্ভূত ও দেশটির স্থায়ী বাসিন্দা সাদিয়া রহমান স্বাতী বর্তমানে রয়্যাল ব্যাংক অব কানাডাতে অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত