মাদারীপুর পুরনো ভবনের কাজ করতে গিয়ে বারান্দার ছাদ ধসে পড়ে হালান সরদার (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মাদারীপুর জেলার ডাসার থানার পশ্চিম বতলা গ্রামে কবির হাওলাদারের পুরনো বাড়িতে।
নিহত হালান মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পশ্চিম টুবিয়া গ্রামের মোসলেম সরদারের ছেলে।
পুলিশ জানায়, ডাসার থানার বালীগ্রাম ইউনিয়নের পশ্চিম বতলা গ্রামে কবির হাওলাদেরর পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি করার পরিকল্পনা করায় সকাল থেকে বিল্ডিং ভাঙার কাজ শুরু করেন। এ সময় বাড়ির ২য় তলার বারান্দার ছাদ ধসে পড়ে নিচে চাপা পড়েন হালান সরদার। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহাব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
